Tuesday, February 25, 2025

ইন্টারনেট শাটডাউন ‘চিরতরে বন্ধ’ করতেই স্টারলিংককে আমন্ত্রণ: প্রেস সচিব

স্টারলিংকের পরিষেবার মাধ্যমে যাতে ইন্টারনেট শাটডাউন ‘চিরতরে বন্ধ’ করা যায়, সেজন্যই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ইলন মাস্ককে আমন্ত্রণ জানানোর ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেইসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমনে বারবার ইন্টারনেট বন্ধ করেছে, এমন অভিযোগ তুলে শফিকুল আলম লিখেছেন, “ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে আমন্ত্রণ করা এবং তা চালুর মূল কারণ হল অনলাইন শাটডাউন চিরতরে বন্ধ করা।

“স্বৈরাচারী শেখ হাসিনা ১৬ বছরের শাসনকালে বহুবার ইন্টারনেট বন্ধ করেছে। ইন্টারনেট শাটডাউন হলো একনায়কদের এবং স্বৈরশাসকদের প্রিয় হাতিয়ার, যা তারা বিক্ষোভ দমন বা বিরোধী আন্দোলন দমন করতে ব্যবহার করে।”

এর ফলে যারা ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে বিভিন্ন কাজ করে থাকেন তারা ক্ষতিগ্রস্ত হয় বলেও তিনি তুলে ধরেন।

তার ভাষ্য, “কিন্তু এর মাধ্যমে (ইন্টারনেট শাটডাউন) লাখো লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। অনেকে তাদের চুক্তি এবং কাজ চিরতরে হারিয়েছিলেন।

“স্টারলিংকের বাংলাদেশের বাজারে আগমনের অর্থ হচ্ছে, ভবিষ্যতে কোনো সরকার পুরোপুরি ইন্টারনেট বন্ধ করতে পারবে না। অন্তত বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার এবং ফ্রিল্যান্সাররা ইন্টারনেট বন্ধ করার আর কোনো চেষ্টার ফলে ক্ষতিগ্রস্ত হবেন না।”

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নিতে দুবাই সফরে গিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার বিষয় নিয়ে কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।

এই ধারাবাহিকতায় মুহাম্মদ ইউনূস স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে গত রোববার প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

সেখানে বলা হয়, অধ্যাপক ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে চিঠি দিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ করেছেন।

চিঠির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধান উপদেষ্টা মাস্ককে বলেছেন, এ সফর তাকে বাংলাদেশের তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এগিয়ে থাকা এ প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন।”

ইউনূস বলেন, “একটি উন্নত ভবিষ্যত গড়ার যে অভিন্ন লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে আসুন আমরা একসঙ্গে কাজ করি।”

তিনি বলেন, স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বাংলাদেশে কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন, বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এটি বড় রূপান্তর ঘটাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ড. খলিলুর রহমানকে এ বিষয়ে স্পেসএক্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন, যেন আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে এ পরিষেবা চালু করা সম্ভব হয়।

No comments:

Post a Comment

ইন্টারনেট শাটডাউন ‘চিরতরে বন্ধ’ করতেই স্টারলিংককে আমন্ত্রণ: প্রেস সচিব

স্টারলিংকের পরিষেবার মাধ্যমে যাতে ইন্টারনেট শাটডাউন ‘চিরতরে বন্ধ’ করা যায়, সেজন্যই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্পেসএক্সের প্রতিষ্ঠাতা...